বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালির মতো ভৌগোলিক বাধার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে হওয়া মার্কিন বাণিজ্য চুক্তি। এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।
ড. দেবপ্রিয় বলেন, "জ্বালানি আমদানিতে বর্তমানে হরমুজ প্রণালির সংকটের চেয়েও বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে অন্তর্বর্তী সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পাদিত বাণিজ্য চুক্তি।" তিনি মনে করেন, সাশ্রয়ী ও প্রতিযোগিতামূলক দামে জ্বালানি আমদানির পথ সুগম রাখতে হবে এবং এক্ষেত্রে অন্য কোনো দেশ বা বিশেষ কোনো চুক্তির প্রভাব যাতে বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করা জরুরি।
আগামী বাজেট নিয়ে আলোকপাত করে এই প্রথিতযশা অর্থনীতিবিদ বলেন, জ্বালানি খাতে কেবল বরাদ্দ বাড়ালেই হবে না, বরং এখানে বড় ধরণের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। দেশের শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।
একই সাথে তিনি সতর্ক করে বলেন, জ্বালানি আমদানির উৎস নির্বাচনে বাংলাদেশকে আরও কৌশলী হতে হবে, যাতে ভূ-রাজনৈতিক বা কৌশলগত কোনো চুক্তি দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে না ফেলে।




